আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কুমিল্লার শাহ আলমের মরদেহ দেশে পৌঁছেছে
নিজস্ব প্রতিবেদক।।
সংযুক্ত আরব আমিরাতে ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র প্রতিহতের সময় সৃষ্ট ধ্বংসাবশেষ পড়ে নিহত বাংলাদেশি প্রবাসী শাহ আলমের মরদেহ দেশে পৌঁছেছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৮টা ৩৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ইকে০৫৮২ ফ্লাইটযোগে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।
আমিরাতের বাংলাদেশ দূতাবাসের তথ্যমতে, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশি নাগরিক শাহ আলম গত ১ এপ্রিল আমিরাতের ফুজাইরাস্থ দিব্বা এলাকায় স্থানীয় সময় আনুমানিক সকাল ৬টায় ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্রের হামলা প্রতিহতের ফলে সৃষ্ট ধ্বংসাবশেষ পড়ে নিহত হন।
নিহত শাহ আলম ভূঁইয়া (৫০) কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন গ্রামের বাসিন্দা। স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ পুরো পরিবারের দায়িত্ব ছিল তার কাঁধে। সংসারের খরচ, সন্তানের পড়াশোনা, চিকিৎসা—সবকিছুই চলত তার উপার্জনের ওপর নির্ভর করে।
বাংলাদেশ দূতাবাস, নিহত শাহ আলমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।