কুমিল্লায় কৃষি জমিতে গাঁজা চাষ, বৃদ্ধ গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমিতে গাঁজা চাষের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তার জমি থেকে দুটি তাজা গাঁজা গাছ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার মাধবপুর ইউনিয়নের কান্দুঘর রাজাবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। শুক্রবার (১০ এপ্রিল) গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. বাচ্চু মিয়া (৬৫)। তিনি উপজেলার মাধবপুর ইউনিয়নের কান্দুঘর রাজাবাড়ি এলাকার ফুল মিয়া মুহুরি বাড়ির মৃত আব্দুল হকের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাধবপুর ইউনিয়নের কান্দুঘর রাজাবাড়ি এলাকায় বাচ্চু মিয়ার কৃষি জমিতে অভিযান পরিচালনা করেন।
এ সময় ওই জমিতে রোপণ করা দুটি তাজা গাঁজা গাছ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে মো. বাচ্চু মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার করা গাঁজা গাছগুলো জব্দ করা হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, কৃষি জমিতে রোপণ করা দুটি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।