[gtranslate]
৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা চান্দিনা বাজারে ফুটপাত দলখমুক্ত উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার চান্দিনা উপজেলা সদরের বাজারটিতে দীর্ঘদিন যাবৎ ফুটপাত অবৈধ ভাবে দখল করে রাখে কতিপয় অসাধু ব্যবসায়ীরা।

এতে প্রতিনিয়ত অসহনীয় যানজটের কবলে পড়তে হতো বাজারে আগত ক্রেতা-বিক্রেতা থেকে শুরু করে সাধারণ মানুষকে।

সড়কের উপর থেকে ভ্রাম্যমাণ দোকান-পাট সরিয়ে নিতে স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসন একাধিকবার তাদেরকে অনুরোধ করলেও কর্ণপাত করেনি দোকানিরা। বৃহস্পতিবার অবৈধ দখলদারদের বিরুদ্ধে বাজারটিতে উচ্ছেদ অভিযানে নামে প্রশাসন।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কে.এম. ইন্জারুল হক এর নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালতে অংশ নেন চান্দিনা থানা অফিসার ইন-চার্জ (ওসি) মো. নুরুজ্জামান। প্রায় দুই ঘন্টার অভিযানে বাজারের অন্তত অর্ধশত অবৈধ দোকান-পাট উচ্ছেদ করা হয়। এতে জনমনে নেমে আসে স্বস্তি।

স্থানীয় একাধিক ব্যবসায়ী জানান এ অভিযান একদিন করলেই শেষ হবে না। সপ্তাহে অন্তত ২জন অভিযান পরিচালনা করা হলে ওইসব ব্যবসায়ীরা আর সড়ক ও ফুটপাত দখল করে বসতে পারবে না।

রিকশা চালক সারোয়ার জানান- প্রায় ৪০ ফুট প্রস্থের সড়কটির দুই পাশে অন্তত ১৫ ফুট দখল করে রাখে ওইসব ব্যবসায়ীরা। উচ্ছেদ অভিযান চালানোর পরদিনই আবার আগের জায়গায় বসে পড়বে। অভিযান নিয়মিত করতে হবে।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কে.এম. ইন্জারুল হক জানান- ফুটপাতে ব্যবসায়ীদের জন্য পৃথক জায়গা নির্ধারণ করা হয়েছে। কিন্তু কিছুতেই তারা ওই নির্ধারিত স্থানে যেতে রাজি হচ্ছিল না। আজ আমরা উচ্ছেদ অভিযান চালিয়েছি। এ অভিযান অব্যাহত থাকবে।

আরো দেখুন