কুমিল্লার লালমাইয়ে পাহাড়ে ঘুরতে নিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ ৫ বন্ধুর বিরুদ্ধে
নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার লালমাই পাহাড়ে ঘুরতে নিয়ে ১৫ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে প্রেমিক ও চার বন্ধুর বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত সাকিব (২২) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রোববার বিকেলে জেলার সদর দক্ষিণ উপজেলার লালমাই পাহাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম।
সাকিব জেলার আদর্শ সদর উপজেলার কালীর বাজার ইউনিয়নের উজিরপুর এলাকার শহীদ মিয়ার ছেলে।
কিশোরীর বরাত দিয়ে পুলিশ জানায়, গত শনিবার বিকেলে প্রেমিক সিয়ামের কল পেয়ে জেলার চান্দিনা উপজেলার নিজ বাড়ি থেকে ভুক্তভোগী কিশোরী কুমিল্লা নগরীর ধর্মসাগর এলাকায় আসে।
পরে সিয়াম তাকে কোটবাড়ি এলাকায় ঘুরতে যাওয়ার কথা বলে মোটরসাইকেলে তুলে নেন। সেখান থেকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লালমাই পাহাড়ের সাধেরমুড়া এলাকার একটি নির্জন স্থানে তাকে নিয়ে যাওয়া হয়। পাহাড়ের ওই নির্জন স্থানে আগে থেকেই উপস্থিত ছিল সিয়ামের কয়েকজন বন্ধু।
সন্ধ্যা ঘনিয়ে এলে কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে সিয়ামসহ তার বন্ধুরা রাতভর ধর্ষণ করে। রোববার বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা কিশোরীর সহায়তায় সাকিবকে আটক করে ‘৯৯৯’ কল করেন। পরে ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ি ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার ও সাকিব আটক করে।
আজ সন্ধ্যায় দক্ষিণ মডেল থানার ওসি বলেন, এ ঘটনায় ওই কিশোরীর বাবা প্রধান অভিযুক্ত হিসেবে সিয়ামসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ঘটনায় জড়িত সাকিব নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে জড়িতদের নাম পাওয়া গেছে।
ওই কিশোরীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনায় জড়িত অপর আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে পুলিশ।