কুমিল্লায় মোবাইলে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা জেলার লালমাই উপজেলায় রেললাইনের পাশে দাঁড়িয়ে মোবাইলে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে মহি উদ্দিন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের বাগমারা দুধবাজার বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহি উদ্দিন পাশ্ববর্তী বরুড়া উপজেলার শিলমুড়ি ইউনিয়নের পশ্চিম চেঙ্গাহাটা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে অটোরিকশা নিয়ে বাগমারা বাজারে যান মহি উদ্দিন। সকাল সাড়ে ৭টার দিকে তিনি রেললাইনের একেবারে কাছে দাঁড়িয়ে কথা বলছিলেন।
এ সময় একটি দ্রুতগামী ট্রেন চলে আসলেও ফোনে মগ্ন থাকায় তিনি তা টের পাননি। মুহূর্তের মধ্যেই ট্রেনের ধাক্কায় তিনি লাইনের ওপর ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় উৎসুক জনতা দুর্ঘটনাস্থলে ভিড় জমায়। পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
রেলওয়ে পুলিশ জানায়, অসতর্কতার কারণেই এই প্রাণহানি ঘটেছে। বর্তমানে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।