[gtranslate]
২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় একই পরিবারের পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার লালমাইয়ে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের বরইয়া গ্রামে এ ঘটনা ঘটে।

একই পরিবারের দুই শিশুকে একসঙ্গে হারিয়ে শোকস্তব্ধ হয়ে পড়েছেন স্বজনরা। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

মৃত শিশুরা হলো: উপজেলার বরইয়া গ্রামের বাহরাইন প্রবাসী মো. সোহেলের ছোট ছেলে আবদুর রহমান (৪) এবং তার ভাই বাহরাইন প্রবাসী জুয়েলের একমাত্র ছেলে মো. জোবায়ের (৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে দুই শিশু বাড়ির পাশে একসঙ্গে খেলা করছিল। একপর্যায়ে তারা বাড়ির পশ্চিম পাশের পুকুরে পড়ে যায়। পরে তাদের পানিতে ভাসতে দেখে বাড়ির নারীরা চিৎকার শুরু করেন।

পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করে বাগমারা বাজারের একটি চিকিৎসকের চেম্বারে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পানিতে পড়ে দুই শিশুর মৃত্যুর বিষয়টি তিনি শুনেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো দেখুন