[gtranslate]
১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লার চান্দিনায় সন্ধ্যায় হঠাৎ ঘরে ঢুকে গৃহকর্ত্রীকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার চান্দিনায় ঘরে ঢুকে বীনা রানী রায় (৫৮) নামে এক গৃহকর্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বরকইট ইউনিয়নের বরকইট দক্ষিণপাড়া শীল বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত বীনা রানী রায় ওই গ্রামের দিলীপ কুমার রায়ের স্ত্রী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার সন্ধ্যায় পূজা-অর্চনা শেষে ঘরে বসে টেলিভিশন দেখছিলেন বীনা রানী।

এ সময় কয়েকজন দুর্বৃত্ত ঘরে ঢুকে তাঁর মাথায় আঘাত করতে থাকে। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই হামলাকারীরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বীনা রানীকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে তাপস রায় বলেন, ‘প্রতিদিনের মতো সন্ধ্যায় পূজা-অর্চনা শেষে মা ঘরে টিভি দেখছিলেন। এ সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে মায়ের মাথায় পিটাতে থাকে।

মায়ের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই তারা পালিয়ে যায়। পরে মাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কারা এবং কী কারণে মাকে হত্যা করেছে, তা বলতে পারছি না।’

বরকইট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম বলেন, স্থানীয়ভাবে পাওয়া তথ্য অনুযায়ী, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। পাশের বাসিন্দাদের সঙ্গে নিহতের পরিবারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

মঙ্গলবার ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ করছে।

আরো দেখুন