[gtranslate]
১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা; ৫ মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাবার অভিযোগে এক যুবককে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার ( ১৮ মার্চ ) সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) তারেক রহমান এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম নুরে আলম ( ৪০ )। তিনি উপজেলার শশীদল ইউনিয়নের শশীদল গ্রামের শাহজাহানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নূরে আলম দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছেন। মাদকের টাকা জোগাড় করতে তিনি প্রায়ই পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালাতেন। এমনকি নিজের বাবাকে মারধর এবং বাড়ির আসবাবপত্র ভাঙচুরের ঘটনাও ঘটাতেন তিনি। এতে পরিবারে এবং সমাজে চরম অশান্তির সৃষ্টি হয়।

অবশেষে ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আজ বুধবার বাবা শাহজাহান নিজে ছেলেকে ভ্রাম্যমাণ আদালতের হাতে তুলে দেন। পরে ভ্রাম্যমাণ আদালতের কাছে নিজের দোষ স্বীকার করেন নূরে আলম।

এ সময় দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) তারেক রহমান নূরে আলমকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান বলেন, মাদক সেবন করে বাবাকে মারধর, পারিবারিক ও সামাজিক শান্তি বিনষ্ট করার অভিযোগ স্বীকার করায় এক যুবককে কারাদণ্ড দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।

আরো দেখুন