কুমিল্লা নগরীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার মধ্যরাতে আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর এলাকার টিক্কারচর থেকে বিবির বাজারগামী সড়কের জগন্নাথপুর গোমতী নদীর বেড়িবাঁধের মাথায় ১২/১৩ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে।
গ্রেফতাররা হলেন আবির ইসলাম রবিন (২৫), রফিকুল ইসলাম উজ্জল (২৮), আরমান উদ্দিন (২৫) ও ইয়াসিন আরাফাত মালু (২০)। তাদের সকলের বাড়ি কোতয়ালী মডেল থানা এলাকায়।
অভিযানে একটি কাঠের হাতলযুক্ত চাকু, একটি স্টিলের পাইপ দিয়ে তৈরি চাইনিজ কুড়াল এবং একটি বড় লোহার রামদা উদ্ধার করে জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতার চারজনসহ পলাতক অজ্ঞাতনামা আরও ৮/৯ জনের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিকেলে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।